
ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোসা. নুসরাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নুসরাত বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হাদিসের মেয়ে।
জানা গেছে, ৪ দিন আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নুসরাত। শনিবার সকালে খেলার ছলে নানার বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে শিশু নুসরাতকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু নুসরাত।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
লালমোহন (ভোলা) প্রতিনিধি 









