রাজধানী ঢাকায় কর্মরত দ্বীপজেলা ভোলার গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিবিএসএফ'র সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের এসিস্ট্যান্ট আউটপুট এডিটর আহসান কামরুল এর সভাপতিত্বে এবং সহসভাপতি সাগর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহীম খলিল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, দৈনিক ভোরের পাতা’র বার্তা সম্পাদক মশিউর রহমান রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার সদস্য সচিব মো. শামসুদ্দিনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা সাংবাদিকদের লেখনির মাধ্যমে নিজ ভোলা জেলার সমস্যা, সম্ভাবনা ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান। একইসাথে ভোলার চরাঞ্চলের ভূমিখেকোর মুখোশ উন্মোচন করা, তরমুজ চাষীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করা, ভোলার গ্যাসের আগে ভোলাবাসীকে পেতে লেখনির মাধ্যমে ঐক্যবদ্ধ করাসহ ভোলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, ঢাকাস্থ ভোলার ব্যবসায়ী আকতার হোসেন, মো. রিপন, ডিবিএসএফ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-সভাপতি এইচ এম কামরুল, দপ্তর সম্পাদক খান শান্ত, সহ-দপ্তর সম্পাদক ফরহাদ হাওলাদার, নির্বাহী পরিষদ সদস্য সাখাওয়াত সজীব, এ আর এম মামুন, ইব্রাহিম হাসানসহ আরও অনেকে।